নিউজ ডেস্কঃ
ই-টিকেটিং ব্যবস্থা চালু হল রাজধানীতে গণপরিবহনে। এর মাধ্যমে চার্ট অনুযায়ী আদায় করা হচ্ছে ভাড়া। তাই এখন আর থাকছে না বাড়তি ভাড়ার ঝামেলা। অতিরিক্ত ভাড়া থেকে বেঁচে যাবে যাত্রীরা।
গণপরিবহনে ভাড়া নিয়ে নৈরাজ্য দীর্ঘদিনের। সরকার ভাড়া নির্ধারণ করে দিলেও তা মানতো না কোনো গণপরিবহন। আর এ বিষয়ে যাত্রীদের অভিযোগেরও অন্ত ছিল না।
তবে এবার যাত্রীদের জন্য সুখবর নিয়ে এলো পরিবহন সংশ্লিষ্টরা। রাজধানীতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) থেকে চালু হয়েছে ই-টিকেটিং ব্যবস্থা। কয়েকটি রুটে মিরপুর সুপার লিংক, পরিস্থান, প্রজাপতি ও বসুমতিসহ বেশ কয়েকটি বাস পরীক্ষামূলকভাবে শুরু করেছে এ কার্যক্রম।
এ ব্যবস্থা পুরোপুরি কার্যকর হলে সাধারণ যাত্রীদের গুনতে হবে না অতিরিক্ত ভাড়া। তাই নতুন এ সিস্টেমকে স্বাগত জানিয়েছেন যাত্রীরা।
টিকেট বিক্রেতারা বলছেন, ই- টিকেটিং চালু হওয়ায় যাত্রী হয়রানি কমার পাশাপাশি ভাড়ারও সমন্বয় করা হচ্ছে।