খুলনা আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে গণমাধ্যমকর্মীদের সচেতনতা ও ফ্যাক্ট চেকিং’ শীর্ষক দিনব্যাপী সেমিনার আজ (বুধবার) মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পেশাগত ও প্রাতিষ্ঠানিক প্রয়োজনে সিদ্ধান্ত গ্রহণ এবং সাধারণ জনগণকে সচেতন করতে সঠিক তথ্যের প্রয়োজন রয়েছে। কিন্তু গুজব ও অপতথ্য সমাজ তথা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। অপতথ্যের কারণে সৃষ্ট সামাজিক অস্থিতিশীলতা রোধে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।
তিনি বলেন, ডিজিটাল মিডিয়া বর্তমানে তথ্যের অন্যতম উৎস। তবে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করতে ফ্যাক্ট-চেকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য গণমাধ্যমকর্মীদের সচেতনতার সাথে তথ্যের উৎসের নির্ভরযোগ্যতা ও সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশ করতে হবে। তথ্যের সত্যতা নিশ্চিত করা ও ফ্যাক্ট-চেকিং একজন আদর্শ সাংবাদিকের অন্যতম পেশাগত দায়িত্ব।
সেমিনারে মূলপ্রবন্ধে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার(রুটিন দায়িত্ব) মোঃ মেহেদী হাসান জানান, গুজব ও অপতথ্য মোকাবিলায় মূলধারার গণমাধ্যমগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিউ পাওয়ার আশায় অনেকে ভুল তথ্য ছড়িয়ে দেন। এগুলো প্রতিরোধ করা দরকার। একই সাথে অপতথ্য চিহ্নিত করতে বিভিন্ন ডিজিটাল টুলস ব্যবহারে গণমাধ্যমকর্মী-সহ সবাইকে অভ্যস্ত হওয়া প্রয়োজন।
সেমিনারে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ জামিনুর রহমান খান বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন জেলা তথ্য অফিসার মো: আব্দুল্লাহ-আল-মাসুদ। মেহেরপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা সেমিনারে অংশ নেন।খবরঃ বিজ্ঞপ্তির