ছবি: মিয়ানমারে বিভিন্ন জায়গায় সড়কে বড় ফাটল দেখা দিয়েছে।অনলাইন।
নিউজ ডেস্কঃ
শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর মিয়ানমারের ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সামরিক জান্তা সরকার।
সাগাইং, মান্দালাই, ম্যাগওয়ে, বাগো, ইস্টার শান রাজ্য এবং নেপিডো অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
মিয়ানমারের গণমাধ্যম দ্য ইরাবতী জানিয়েছে, ইরাবতী নদীর ওপর নির্মিত আভা সেতুটি দীর্ঘদিন ধরে মান্দালয় এবং সাগাইং অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করে আসছিল। আজ দুপুরে মান্দালয়ে সাত দশমিক তিন মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে সেতুটি ধসে পড়েছে।
শক্তিশালী এ ভূমিকম্পে মিয়ানমারে অন্তত ২০ জন নিহত ও ২০০ জন আহত হওয়ার খবর জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। তবে ত্রাণ সংস্থাগুলোর আশঙ্কা, প্রকৃত মৃতের সংখ্যা কয়েকশ হতে পারে।
শুক্রবারের এই ভূমিকম্পের তীব্রতায় কেঁপে উঠেছিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককও। সেখানে নির্মীয়মাণ একটি বহুতল ভবন ভেঙে পড়ে এখন পর্যন্ত অন্তত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও অন্তত ৮১ জন ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে বলে জানিয়েছেন থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী।