মহান মুক্তিযুদ্ধে গণহত্যার স্বীকৃতির চেয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রস্তাব

নিউজ ডেস্কঃ

১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যাকে স্বীকৃতি দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে প্রস্তাবটি উত্থাপন করেন ওহাইয়ো অঙ্গরাজ্য থেকে নির্বাচিত ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডম্যান।

 

প্রস্তাবটিতে ১৯৭১ সালের সেই ভয়াবহ দিনগুলোতে বাঙালি জাতি এবং বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর চালানো বর্বরতাকে ‘গণহত্যা’, ‘মানবতাবিরোধী অপরাধ’ ও ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করার জন্য মার্কিন প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে এই হত্যাযজ্ঞে সহায়তাকারী হিসেবে জামায়াতে ইসলামীকে বিচারের মুখোমুখি করার প্রস্তাব দেওয়া হয়েছে।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সত্য নথিভুক্ত করা এবং এই ধরণের অপরাধ যেন আর না ঘটে, তা নিশ্চিত করতেই এই প্রস্তাব আনা হয়েছে বলে রেজোলিউশনে উল্লেখ করা হয়েছে। প্রস্তাবটি বর্তমানে পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে।

কংগ্রেসম্যান ল্যান্ডম্যানের উত্থাপিত এই রেজোলিউশনে (এইচ. রেজ. ১১৩০) ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলা হয়েছে, ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসানের পর পাকিস্তান সৃষ্টি হলেও পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী শুরু থেকেই বাঙালিদের ‘নিচু জাতের মানুষ’ মনে করত এবং বৈষম্যমূলক আচরণ করত। ১৯৭০ সালের নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেলেও ক্ষমতা হস্তান্তরের আলোচনা ব্যর্থ হয়। এরপর ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী এবং জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত উগ্র ইসলামপন্থি গোষ্ঠীগুলো যৌথভাবে ‘অপারেশন সার্চলাইট’ শুরু করে।