নিউজ ডেস্কঃ
মুক্তিযুদ্ধে সেই বীর শহীদদের স্মরণে মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসে বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।
দেখা যায়, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দলের নেতা-কর্মী, স্কুল-কলেজের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে জাতীয় স্মৃতিসৌধে আসেন। পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এতে ফুলে ফুলে ভরে ওঠে শহীদদের বেদী।
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি শহীদদের প্রতি জাতির অগাধ শ্রদ্ধা ও ভালোবাসারই প্রতিফলন।