বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচি ভিডিও বার্তায় প্রত্যাহারের ঘোষণা

নিউজ ডেস্কঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সরকার মূল দাবি মেনে নেয়ায় সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ।

আজ রোববার (২৮ জুলাই) রাতে ডিবি কার্যালয় থেকে এক ভিডিও বার্তায় সব কর্মসূচি প্রত্যাহারের এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছেন। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগসহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এসকল ঘটনার তীব্র নিন্দা জানাই। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।

তিনি বলেন, আমাদের প্রধান দাবি ছিলো কোটার যৌক্তিক সংস্কার যা ইতিমধ্যে সরকার পূরণ করেছে। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। তিনি আরও বলেন, সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্ত থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি।

এসময় উপস্থিত ছিলেন আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো. আবু বাকের, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম।