বিসিবি পরিচালক নাজমুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি 

নিউজ ডেস্কঃ

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি জানিয়েছে বিসিবি।

এম নাজমুলের জায়গায় বিসিবির অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অর্থ কমিটির দায়িত্ব হারালেও বিসিবির পরিচালক পদে বহাল আছেন নাজমুল।

 

“বিসিবির গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৩১ ধারা অনুযায়ী বিসিবি সভাপতির ওপর প্রদত্ত ক্ষমতাবলে ও বোর্ডের কার্যক্রম মসৃণ ও কার্যকরভাবে পরিচালনার স্বার্থে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।”

পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বিসিবি সভাপতি অর্থ কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

আবারও ক্রিকেটারদের পাশে থাকার কথা জানিয়ে বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, ক্রিকেটারদের কাছ থেকে পেশাদারিত্ব আশা করে বোর্ড।

 

এর আগে বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (কোয়াব) এক সংবাদ সম্মেলন করে এম নাজমুলের অপসারণ দাবি করে। কোয়াব জানায়, ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুলকে অব্যাহতি দেওয়ার নিশ্চয়তা পেলেই কেবল তারা খেলায় ফিরবেন।

বুধবার বিসিবি ওই পরিচালক সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে কটাক্ষ করেন। তিনি জানান, টি-২০ বিশ্বকাপে দল পাঠানো না হলে ক্রিকেটাররা কোন ক্ষতিপূরণ পাবে না। কারণ এতো বছর তারা ক্রিকেট খেলে কোন শিরোপা জিততে পারেনি, অনেক সময় খারাপ খেলেছে, তাদের পেছনে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে, খারাপ খেললে তো তাদের পারিশ্রমিক কেটে নেওয়া হয়নি।

 

তার এমন মন্তব্যের প্রেক্ষিতে সব ধরনের খেলা বয়কটের হুমকি দেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের সংগঠন কোয়াব বুধবারই অনলাইনে এক সংবাদ সম্মেলন করে জানায়, এম নাজমুল পদত্যাগ না করা পর্যন্ত তারা কোন ধরনের ম্যাচ খেলবেন না।