বিমান দুর্ঘটনায় দগ্ধ আয়ানের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নিউজ ডেস্কঃ

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসাধীন দগ্ধ সাহিল ফারাবি আয়ান (১৪) নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

 

রোববার দিবাগত রাত পৌনে ২টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেছেন, আয়ানের শ্বাসনালীসহ শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। ক্রিটিক্যাল অবস্থায় লাইফ সাপোর্টে ছিল সে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে।

এ নিয়ে ইনস্টিটিউটে ১৮ জনের মৃত্যু হলো। এখন ভর্তি আছে ৩৩ জন। যাদের মধ্যে ৩ জন এখনও আইসিইউতে ক্রিটিক্যাল অবস্থায় আছে।

 

সাহিল ফারাবি আয়ানের চাচা ডা. মোস্তফা কামাল আরেফিন জানান, আয়ান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের সপ্তম শ্রেণিতে পড়ালেখা করত। তার বাবার নাম মোহাম্মদ আলী মাসুদ। পরিবার নিয়ে মিরপুর মধ্য মনিপুর এলাকায় থাকেন তারা।

এই ঘটনায় বিভিন্ন হাসপাতাল মিলিয়ে এখন পর্যন্ত মোট প্রাণ হারালেন ৩৪ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪৬ জন।