বিমসটেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে ইউনূস-মোদি পাশাপাশি

নিউজ ডেস্কঃ
বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই অনুষ্ঠানে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় থাইল্যান্ডের ব্যাংককের একটি হোটেলে নৈশভোজের টেবিলে তাদের দুজনকে এক টেবিলে পাশাপাশি বসতে দেখা গেছে।

ব্যাংককের একটি অভিজাত হোটেলে এ নৈশভোজের আয়োজন করা হয়। যেখানে দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতারা একত্রিত হন। অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রর সঙ্গে স্মৃতিচারণমূলক একটি ছবি তোলেন।

নৈশভোজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, নেপালের প্রধানমন্ত্রী ও অন্যান্য দক্ষিণ এশীয় নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এদিন সন্ধ্যায় নৈশভোজের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়। ছবিগুলো পেছন থেকে তোলা হয়েছে।

ছবিগুলোর ক্যাপশনে লেখা হয়েছে ব্যাংককে বিমসটেকের অফিসিয়াল ডিনার।

দুইদিনের সফরে থাইল্যান্ড গিয়েছেন প্রধান উপদেষ্টা। বিমসটেক সম্মেলনে যোগ দিতে ব্যাংককে অবস্থান করছেন তিনি। শুক্রবার বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী।

প্রকাশ করা আবশ্যক,
সম্প্রতি থাইল্যান্ডে বিমসটেক সম্মেলনে উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (টুইটার) হ্যান্ডেলে সেখানকার সিডিউল সংক্রান্ত একটি পোষ্ট করেছেন। যেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের সাথে মিটিং বা বৈঠকের কোন উল্লেখ করেননি।