বায়ান্ন’র ভাষা আন্দোলনের শহীদ আবদুস সালামের ঐতিহাসিক অবদান

পরিবারের আর্থিক অনটনের কারণে সালামের ম্যাট্টিক ফাইনাল পরীক্ষা দেয়া হয়নি। রোজগারের সন্ধানে পাঠ চুকিয়ে ঢাকায় পাড়ি জমান। সেখানে তৎকালীন পূর্ব পাকিস্তানের মতিঝিল ‘ডাইরেক্টার অব ইন্ডাষ্ট্রিজ’ এ পিয়নের চাকুরি নেন। ৫২’র ফেব্রুয়ারির শুরুর দিকে সালাম বাড়িতে আসনে এবং কিছুদিন ছুটি শেষে ঢাকায় ফিরে যান। তখন মাতৃভাষা বাংলার দাবিতে রাজধানী ছিল আন্দোলন মুখর। ২৭ বছরের টগবগে যুবক সালাম মায়ের ভাষা বাংলার জন্য আন্দোলনে যোগ দেন। বাংলাকে পাকিস্তানের প্রধান রাষ্ট্রভাষা করার দাবিতে ৫২’র ২১শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সম্মুখের রাস্তায় ১৪৪ ধারা ভেঙ্গে বিক্ষোভে অংশ নেন সালাম। পরে ছাত্র-জনতার উপর পুলিশ এলোপাথাড়ি গুলি চালায় এতে আবদুস সালাম গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়। দেড় মাস চিকিৎসাধীন থাকার পর ৭ এপ্রিল, ১৯৫২ তারিখে তিনি মৃত্যুবরণ করেন।