নিউজ ডেস্কঃ
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন,
বাংলাদেশের সঙ্গে ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত কাজ করতে ইচ্ছুক। আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখব।
আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল চারটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এসব কথা বলেন।
আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলায় ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
প্রণয় ভার্মা বলেন, নিরাপত্তা জনিত কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আগরতলা উপ-হাইকমিশনের সব কার্যক্রম বন্ধ থাকবে।
তিনি বলেন, বাংলাদেশ-ভারতের সম্পর্ক বহুমুখী। একটি বিষয়কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকবে না। আমরা দুই দেশের মানুষের সঙ্গে সংযোগ বাড়াতে আগ্রহী।
এর আগে সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগরতলায় সহকারী হাইকমিশনে বর্বরোচিত হামলা-ভাঙচুর ও ফ্ল্যাগস্ট্যান্ড ভেঙে বাংলাদেশের জাতীয় পতাকা খুলে নিয়ে পোড়ানোর ঘটনায় ঢাকার ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে জরুরি ভিত্তিতে তলব করা হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আগরতলার ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে বিবৃতি দিয়েছে। তারা বলেছেন, কূটনৈতিক ও কনস্যুলার সম্পত্তি কোনো অবস্থাতেই লক্ষ্যবস্তু করা উচিত নয়। এ ঘটনায় ত্রিপুরায় মঙ্গলবার সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া চার পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
আগরতলার হামলার বিষয়টি পূর্বপরিকল্পিত উল্লেখ করে নিন্দা ও কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার ঘটনা বাংলাদেশ সরকারকে গভীরভাবে ক্ষুব্ধ করেছে। ঘটনাপ্রবাহ দেখে এটা প্রমাণিত হয়েছে যে হামলাটি পূর্বপরিকল্পিত। এ ঘটনা কূটনৈতিক সম্পর্কবিষয়ক ভিয়েনা সনদের লঙ্ঘন।
এদিকে রাজধানীর গুলশানে ভারতীয় হাইকমিশনে নিরাপত্তা বাড়ানো হয়েছে। কোনো সংগঠন বা জনতা কমিশন ঘেরাও কর্মসূচি না এলেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতের আগরতলায় সোমবার বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা চালান হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতিসহ কয়েকটি সংগঠনের সমর্থকেরা। অনলাইন।