নিউজ ডেস্কঃ
বাংলাদেশ হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়নের তথ্য জানানো হয়েছে।
উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন বলা হয়, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) করা হয়েছে।
প্রায় তিন দশকের কর্মজীবনে তিনি এসআরবি হেডকোয়ার্টার্স, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমি, ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং লাইবেরিয়া ও দারফুরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া মৌলভীবাজার ও কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।
এর আগে পুলিশের অতিরিক্ত আইজিপি পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। একই সঙ্গে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনারসহ আরও দুই ডিআইজিকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।