নিউজ ডেস্কঃ
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলে কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত (মোহাম্মদ এ আরাফাত)।
আজ শুক্রবার (৯ জুন) রাতে গনভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা শেষে গণমাধ্যমকেএ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
ওবায়দুল কাদের বলেন, সভায় ৯টি পৌরসভা ও ৩৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
উল্লেখ্য গত ১৫ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়ে পড়ে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৫ জুন, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তারিখ ১৮ জুন এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন।অনলাইন।
ঢাকা-১৭ আসনটি গুলশান, বনানী, ভাষানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত। শূন্য হওয়া আসনটিতে গত ১ জুন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী আগামী ১৭ জুলাই হবে নির্বাচন।