প্রকাশ্যে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি।

নিউজ ডেস্কঃ

প্রকাশ্য জনসমাগমের মধ্যে রাজধানীর দক্ষিণখানে স্থানীয় যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত সোমবার রাত পৌনে ৯টার দিকে দক্ষিণখান থানাধীন নদ্দাপাড়ার তালতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহজাহান শেখ (৪৬) উত্তরা আশকোনা এলাকার বাসিন্দা। তিনি হাফিজ উদ্দীনের ছেলে। জানা গেছে, শাহজাহান ডিস ও ইন্টারনেটের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি জমি ও গাড়ি কেনা-বেচার ব্যবসাও করতেন। স্থানীয়ভাবে তিনি ‘ডিলার শাহজাহান’ নামে পরিচিত ছিলেন।

রাজনৈতিকভাবে তিনি যুবলীগে সক্রিয় ছিলেন ।

দক্ষিণখান থানার ওসি শরীফুল ইসলাম জানান( গণমাধ্যমে প্রকাশ), ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শাহজাহানকে হত্যা করা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ফুটেজ পর্যালোচনা করে অন্যান্য আলামত মিলিয়ে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয়রা জানান, সাত-আটজন তরুণ শাহজাহানকে ধাওয়া করে তালতলা মোড় এলাকায় নিয়ে এসে জনসমাগমের মধ্যেই রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।