দেশে ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী

নিউজ ডেস্কঃ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) আরও চারজন মারা গেছেন। একই সময়ে নতুন করে ১ হাজার ২৫২ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হলো ১১১ জনের। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৫৩২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন খুলনা বিভাগে—২৪৭ জন। এরপর ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ২২৭ জন, চট্টগ্রামে ১৯৪, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৫, বরিশালে ১১৯, রাজশাহীতে ১০৯, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০১, ময়মনসিংহে ৮৭, রংপুরে ২৭ ও সিলেটে ৬ জন ভর্তি হয়েছেন।

মারা যাওয়া চারজনের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার, একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার, একজন চট্টগ্রাম বিভাগের এবং একজন খুলনা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৩৯ হাজার ৫৩২ জনের মধ্যে ৩৬ হাজার ৪৬৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৯৫৪ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ২৩৬ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ১৫৩ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৮৩ জন।

এ বছর ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি। মোট রোগীর ৬২ শতাংশ পুরুষ ও ৩৮ শতাংশ নারী। তবে মৃত্যুর ক্ষেত্রে নারী বেশি। এ বছর ডেঙ্গুতে মারা যাওয়া ১১১ জনের মধ্যে ৬১ জন নারী ও ৫০ জন পুরুষ, অর্থাৎ ৫৫ শতাংশ নারী ও ৪৫ শতাংশ পুরুষ।