নিউজ ডেস্কঃ
‘দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। আমরা এখন বাঘের মুখে পড়েছি। আমরা নির্বাচনের কথা বলছি, কারণ আমরা দেখতে পাচ্ছি, আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয়। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেওয়ার সরকার, দেশের নীতিনির্ধারণী বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার সরকার নয়। মিয়ানমারের রাখাইনে করিডর দেওয়ার সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার, এই সিদ্ধান্ত দেওয়ার মালিক আপনারা নন।’
আজ বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কুমিল্লা বিভাগীয় বিএনপির সদস্য ফরম নবায়ন ও বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এসব কথা বলেন।
মির্জা আব্বাস আরও বলেন, ‘অনেকেই ভাবছেন, বিএনপির সুদিন এসে গেছে। তবে এখনো সুদিন আসে নাই। আমাদের নেতা তারেক রহমান এখনো দেশে ফেরেননি; কিংবা ফিরতে পারেন নাই। বিএনপি বর্তমানে অনেক সমস্যার মধ্যে রয়েছে।
বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে ও সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর রশিদ (ইয়াছিন), বিএনপির কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক জাকারিয়া তাহের (সুমন), কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী (আবু), কুমিল্লা দক্ষিণ জেলার সদস্যসচিব আশিকুর রহমান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা (টিপু) প্রমুখ বক্তব্য দেন।
বিএনপি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, ‘বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ, বিএনপির বিরুদ্ধে কথা বলা হচ্ছে। বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির কথা ছড়ানো হচ্ছে। আমি বলতে চাই, বিএনপি কখনো চাঁদাবাজিকে প্রশ্রয় দেয় না। বিএনপির অবস্থান চাঁদাবাজদের বিরুদ্ধে। বিএনপি তো ক্ষমতায় নেই, আমি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানকে বলতে চাই, চাঁদাবাজ যেই হোক তাকে ধরে জেলে পাঠান। কিন্তু আপনার সেই সাহস নেই। কারণ আপনার দল, আপনার সাঙ্গপাঙ্গ যারা আছে, তারাই এখন চাঁদাবাজি করছে। তারাই লুটতরাজ করছে।’
বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘আপনারা টিভি, পত্রিকা খুললে দেখবেন, এই সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা হচ্ছে না। এই সরকারের সময়ও মিডিয়ার কোনো স্বাধীনতা নেই। আমরা নির্বাচনের কথা বললে তাদের গায়ে জ্বালা ধরে যায়। মনে হয় নির্বাচন শব্দটা যেন কেউ চেনে না। নির্বাচনের কথা বলা যেন পাপ।’