দীর্ঘ এক যুগ পর সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ
সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নিতে সেনাকুঞ্জে গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

দীর্ঘ এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নিতে সেনাকুঞ্জে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ২০১৮ সালের পর খালেদা জিয়া প্রথম প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করছেন।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর গুলশান-২ নম্বরের বাসভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জের উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া। সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ২০১২ সালে সেনাকুঞ্জে গিয়েছিলেন খালেদা জিয়া। ২০১৩ সালে আমন্ত্রণ পেলেও তিনি যাননি। তবে ওই সময়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের বেশ কয়েকজন নেতা গিয়েছিলেন। এরপর আর এই দিবসে বিএনপির নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি।

জানা গেছে, খালেদা জিয়ার পাশাপাশি ২০০৯ সালের পর এবারই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এ বছর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে মোট ২৬ জন আমন্ত্রণ পেয়েছেন। এর মধ্যে আরও রয়েছেন বিএনপি মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান এবং অন্য পদমর্যাদার সাবেক সামরিক কর্মকর্তারা। বিগত সময়ে বিএনপি নেতারা আমন্ত্রণ পেতেন না।