নিউজ ডেস্কঃ
ঢাকার বনানীতে বেসরকারি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছুরিকাঘাতে নিহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
জাহিদুল পারভেজের বড় ভাই হুমায়ুন কবির বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এছাড়া মামলায় আরও ২০-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন। আসামিদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের তিন শিক্ষার্থী মাহাথি, মেহেরাব এবং আবুজর গিফারীর নাম রয়েছে। তথ্যঃ অনলাইন।
জানা গেছে ,ঘটনার শুরু হয় চা-সিঙ্গারা খাওয়ার সময় এক বান্ধবীর দিকে তাকানোকে কেন্দ্র করে। কথাকাটাকাটির পর শিক্ষকদের হস্তক্ষেপে বিষয়টি আপাতত মিটে গেলেও, ঘটনার মোড় ঘোরায় অভিযুক্ত তিন শিক্ষার্থী। অভিযোগ রয়েছে, তারা স্থানীয় কিছু টোকাই ও বহিরাগতদের ডেকে এনে জাহিদুলের ওপর হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা( গণমাধ্যমে প্রকাশ) জানান, বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের দিকে দৌড়ে পালানোর সময় জাহিদুল হামলার শিকার হন। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
আজ রোববার দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাহিদুলের জানাজা অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদল ছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। জানাজা শেষে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।