টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে বাংলাদেশ যাবে নাঃ বিসিবির সিদ্ধান্ত

ফাইল ছবি।

নিউজ ডেস্কঃ

২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে বাংলাদেশ যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড বা বিসিবি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল- আইসিসির কাছে ইমেইলের মাধ্যমে এ নিয়ে একটি বার্তা পাঠাবে বিসিবি।

সেই সাথে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় নেয়ার জন্য ভেন্যু পরিবর্তনে আইসিসির কাছে আবেদন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগে থেকেই পাকিস্তান শ্রীলঙ্কার মাটিতে তাদের ম্যাচগুলো খেলবে বলে চূড়ান্ত সিদ্ধান্ত ছিল।

রোববার দুপুরে ক্রিকেট বোর্ডের ১৭জন পরিচালককে নিয়ে বোর্ড সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন, এই বিষয়ে পরে বিস্তারিত বিবৃতি দেবে বিসিবি।

২০২৬ আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। সাতই ফেব্রুয়ারি ওই আসর শুরু হওয়ার কথা রয়েছে। উদ্বোধনী দিনেই কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের।

 

এর আগে মুস্তাফিজুর রহমানকে ধর্মীয় ও রাজনৈতিক চাপে পড়ে কলকাতা নাইট রাইডার্স থেকে ছেড়ে দেয়া নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কজন উপদেষ্টা ও ক্রীড়া সংগঠক।

বাংলাদেশের ক্রিকেটার ও দেশের প্রতি অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া হবে না- এমন স্পষ্ট ও কড়া বার্তা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল ২০২৬ থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেছেন, “আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না। গোলামির দিন শেষ।”

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বক্তব্যে আসিফ নজরুল অভিযোগ করেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে। আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লেখার জন্য তিনি ক্রিকেট বোর্ডকে বলেছেন।

”বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারেনা” লিখেছেন আসিফ নজরুল।

একই সঙ্গে তিনি বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নেওয়ার জন্য তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ জানান।

বিসিসিআইয়ের এই নির্দেশের ফলে নিয়মগতভাবে কেকেআরকে মুস্তাফিজকে ছাড়তে হয়। অথচ গত ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি এই পেসারকে দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিটি। তথ্যঃ বিবিসি বাংলা।

পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মোস্তাফিজ বলেন, “যদি আমাকে ছাড়ে, তাহলে আমি কী করবো?”