জুলাইয়ের গণহত্যায় জড়িতদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে বিচার হবেঃ আইন উপদেষ্টা

নিউজ ডেস্কঃ
জুলাইয়ের গণহত্যার সঙ্গে জড়িতদের মানবতাবিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে বিচার হবে।গণহত্যা ও গুলি বর্ষণের ঘটনায় বিচারের জন্য ইতোমধ্যে কিছু মামলা হয়েছে।

আজ বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এসব কথা জানান।

আসিফ নজরুল বলেন, আমরা নিজেরা, রাজপথে থাকা বিভিন্ন ছাত্র সংগঠন, মানবাধিকার সংগঠন, জনগণের বিভিন্ন গোষ্ঠী দাবি করেছেন যে, এটাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিচার করার সুযোগ আছে কি না। আমরা সেটা খতিয়ে দেখেছি।

‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি ইনভেস্টিগেশন টিম আছে, প্রসিকিউশন টিম আছে। এগুলোকে আমরা রিঅর্গানাইজড করার চেষ্টা করছি, আদালতটা একটু পরে করব। ইনভেস্টিগেশন আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে করার চেষ্টা করছি। জাতিসংঘ থেকে বারবার আমাদের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।’

আন্দোলনের সময়ে দায়ের হওয়া মামলা বিষয়ে তিনি বলেন, ১ জুলাই থেকে ৫ আগষ্টের সকল মামলা প্রত্যাহার করা হবে। বিচার বিভাগে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের আয়ের হিসাব আগামী ১০ দিনের মধ্যে জমা দিতে হবে।অনলাইন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আরও জানান, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম হবে এবং রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলা আগামীকাল প্রত্যাহার করা হবে।