নিউজ ডেস্কঃ
চাঞ্চল্যকর ইসমাইল শেখ হত্যা মামলার রহস্য উদঘাটন, বিদেশি পিস্তল, গুলি-কার্তুজ ও গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
খুলনা মহানগরীর চাঞ্চল্যকর মো. ইসমাইল শেখ (৩৫) হত্যা মামলার রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে খুলনা সদর থানা পুলিশ।
এ ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ তিন রাউন্ড গুলি, তিনটি শর্টগানের কার্তুজসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে।
গত ৩১ জুলাই রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে খুলনা সদর থানাধীন মহির বাড়ি বড় খালপাড় ব্রিজের পশ্চিম পাশে মো. ইসমাইল শেখকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়।
ঘটনার পরপরই খুলনা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে ধারাবাহিক অভিযান শুরু করে।
এরই ধারাবাহিকতায় ২৩ আগস্ট ২০২৬ খ্রিঃ বিকাল ১৬.০০ ঘটিকায় হত্যা মামলার ১নং এজাহারনামীয় আসামি মোঃ ফারদিন খান (২৪)-কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে লবণচরা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত অপর দুই আসামি মোঃ রায়হান মোল্লা (২৪) ও মোঃ সাইফুল হাওলাদার (২৪)-কে গ্রেফতার করা হয়।
পুলিশের অভিযানে
১টি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ৩ রাউন্ড গুলি,৩টি তাজা শর্টগানের কার্তুজ,
বিভিন্ন মোবাইল অপারেটরের ৯টি সিমকার্ড ,
B-COMPANY গ্রুপের সদস্যদের ব্যবহৃত ০৫টি গেঞ্জি (যার সামনের পাশে ইংরেজীতে B-COMPANY এবং সিংহের মাথার লোগো আছে, পিছনে দোয়া মে ইয়াদ রাখনা, সৌজন্যে নবাব লেখা আছে (যাহা B-COMPANY গ্রুপের সদস্যগণ লোগো চিহ্ন হিসাবে ব্যবহার করে)।
০৩টি কপালে ব্যবহারের উপযোগী সার্চলাইট
০১টি কালো রঙের কলেজ ব্যাগ ।
০১টি চামড়ার ছোট পার্স ।
উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও কার্তুজের ঘটনায় লবণচরা থানায় অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে হত্যা মামলায় গ্রেফতারকৃতদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। এ সংক্রান্ত আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখ্য যে, আসামী মোঃ ফারদিন খান(২৪) এর বিরুদ্ধে একাধিক হত্যা, অস্ত্র ও অন্যান্য মামলা সহ সর্বমোট ০৭(সাত) টি মামলা, আসামী মোঃ রায়হান মোল্লা(২৪) এর বিরুদ্ধে একটি হত্যা মামলা এবং আসামী মোঃ সাইফুল হাওলাদার(২৪) এর বিরুদ্ধে একটি অস্ত্র মামলা রয়েছে।
হত্যাকাণ্ডের আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।