নিউজ ডেস্কঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধর্ষণের পর হাত-পা বেঁধে শ্বাসরোধ করে শামসুন্নাহার রুমা নামে এক স্কুলশিক্ষকাকে হত্যা করেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ উঠেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার একটি বাসা থেকে ওই শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার হাত-পা বাঁধা এবং গলায় ওড়না পেঁচানো ছিল।
নিহত শামসুন্নাহার রুমা (৪০) উপজেলার ফুলবাড়ী গ্রামের সোলাইমান আলী মাস্টারের মেয়ে। তিনি উপজেলার চণ্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
পরিবারের বরাতে পুলিশ জানায়, শামসুন্নাহার রুমা তার একমাত্র ছেলেকে নিয়ে বাবার মালিকানাধীন এ বাসাটিতে বসবাস করতেন। ছেলে পড়াশুনার কারণে ঢাকা অবস্থান করছেন। স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছিল।
শনিবার সারাদিন প্রতিবেশীরা রুমার কোনো সাড়াশব্দ পাননি। তারা বাড়ির ভিতরে গিয়ে দেখেন ঘরের ভেতরে তার নিথর দেহ পড়ে আছে। ঘরের সব আসবাবপত্র এলোমেলো। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।