খুলনা জেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস, ২০২৬ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিসভা আজ (বৃহস্পতিবার) সকালে জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক বলেন, মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন। এ দিনে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর মুক্তিযোদ্ধাদের অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে হবে। তিনি আরও বলেন, জাতীয় পতাকার সঠিক মাপ, রং ও পতাকাদ-ের নির্ধারিত মাপ সম্পর্কে ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে, যাতে সর্বস্তরে জাতীয় পতাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করা যায়। তিনি গল্লামারী স্মৃতিসৌধের যথাযথ রক্ষণাবেক্ষণ ও সংস্কারের লক্ষ্যে একটি স্থায়ী কমিটি গঠনের নির্দেশনা দেন। মহান বিজয় দিবস যথাযথ মর্যাদা, সৌন্দর্য ও ভাবগাম্ভীর্যের সাথে উদ্যাপনে তিনি উপস্থিত সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সভায় জানানো হয়, মহান বিজয় দিবস উপলক্ষ্যে আগামী ১৬ ডিসেম্বর প্রত্যুষে গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে। নগরীর সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনে সঠিক রং ও মাপের জাতীয় পতাকা উত্তোলন করা হবে। গুরুত্বপূর্ণ সড়ক ও ভবন জাতীয় পতাকা ও রঙিন পতাকা দ্বারা সজ্জিত ও আলোকসজ্জা করা হবে। ঐ দিন সকাল সাড়ে আটটায় জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং পরে বিভিন্ন বাহিনী ও শিক্ষার্থীদের সমন্বয়ে কুজকাওয়াজ অনুষ্ঠিত হবে।
সভায় ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কানিজ ফাতেমা লিজা, অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। খবরঃ বিজ্ঞপ্তির