খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির নভেম্বর মাসের সভা আজ (রবিবার) জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক বলেন, সকল হাসপাতালে অগ্নিদুর্ঘটনারোধে কার্যকর ব্যবস্থা রাখতে হবে। চলমান ওএমএস কার্যক্রমে মনিটরিং বাড়াতে হবে। তিনি বলেন, দাকোপের পানখালী এসডিজি গ্রাম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তরকে তাদের নির্ধারিত কার্যক্রম যথাযথ ভাবে সম্পন্ন করতে মনোযোগী হতে হবে। তিনি বলেন, প্রত্যেক জেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কমিটি গঠন করাসহ চলমান ডেঙ্গু পরিস্থিতির অবসানে সবাইকে সচেতন হওয়ার বিকল্প নেই।
সভায় সিভিল সার্জন ডা. মোঃ মনিরুজ্জামান জানান, খুলনায় হাম ও ডেঙ্গুর সংক্রমণের ভয়াবহতা কমে আসছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান প্রতি শনিবার চলমান রয়েছে। আরো ভালোভাবে এই অভিযান পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।
জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান সভায় জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধকালীন গতমাসে ৩৯টি মোবাইল কোর্ট এবং ১৩৪টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসময়ে ১২ লাখ মিটার জাল জব্দ করে বিনষ্ট করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো: নজরুল ইসলাম সভায় জানান, খুলনা জেলায় মোট তিন লাখ ৪৭ হাজার ৩৩২টি কৃষক কার্ড প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা পূরণে এ্যাপসের মাধ্যমে কৃষকের তথ্য সংগ্রহ চলমান রয়েছে।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
খবরঃ বিজ্ঞপ্তির