বিশ্বাস প্রোপার্টিজ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২এর
দ্বিতীয় দিনে দৈনিক পূর্বাঞ্চল ও দৈনিক খুলনা বড় জয় পেয়েছে।
বুধবার (১৬ নভেম্বর) সকালে খুলনা জেলা স্টেডিয়ামে দিনের প্রথম
ম্যাচে দৈনিক খুলনা ৭১ রানের বিশাল ব্যবধানে দৈনিক আজকের তথ্যকে
পরাজিত করে। দিনের দ্বিতীয় ম্যাচে দৈনিক পূর্বাঞ্চল ৩৪ রানে প্রতিপক্ষ
সময়ের খবরকে পরাজিত করে।
লীগ ভিত্তিক টুর্নামেন্টে দ্বিতীয় দিনের ম্যাচ শেষে পয়েন্ট তালিকার
শীর্ষে রয়েছে দৈনিক খুলনা। দুই ম্যাচে দুই জয়ে দৈনিক খুলনার পয়েন্ট
চার। এছাড়া পূর্বাঞ্চল ও আজকের তথ্য সমান সংখ্যক ম্যাচে একটি জয় ও
একটি পরাজয়ে সমান দুই পয়েন্ট করে সংগ্রহ করেছে। ফলে ফাইনাল
নিশ্চিত করতে তিন দলকেই শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। আগামী
১৯ নভেম্বর সকাল ৯টায় আজকের তথ্য বনাম সময়ের খবর ও দুপুর ১টায়
পূর্বাঞ্চল বনাম দৈনিক খুলনার ম্যাচ অনুষ্ঠিত হবে। সর্বোচ্চ
পয়েন্টধারী দুই দল ২০ নভেম্বর একই মাঠে ফাইনাল খেলবে।
বুধবার (১৬ নভেম্বর) দিনে প্রথম ম্যাচে টসে জিতে দৈনিক আজকের
তথ্য ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে দৈনিক খুলনা
নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে। দলের হয়ে
ওপেনার আজিজুর রহমান তন্ময় ৫৮ বলে ৯৪ রান করে আউট হয়। এছাড়া
সাকিব হোসেন শোভন ৩৫ বলে ৩৮ রান করেন। জবাবে আজকের তথ্য ২০
ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৭ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের পক্ষে শোভন
২টি ও তন্ময় ১টি উইকেট দখল করেন। ম্যান অব দি ম্যাচ দৈনিক খুলনার
আজিজুর রহমান তন্ময়।
এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে দৈনিক পূর্বাঞ্চল টসে জিতে নির্ধারিত
২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে। দলের হয়ে
ওয়াহিদুজ্জামান পাখি ৩৬ বলে ৫৮, মোহম্মদ আলী সনি ২৩ বলে ৩৩ ও
প্রশান্ত কুমার বাছাড় ৪৪ বলে ৩২ রান করেন। জবাবে সময়ের খবর ২০ ওভারে
৩ উইকেট হারিয়ে ১২৭ রান করতে সক্ষম হয়। ফলে ৩৪ রানে জয় পায়
পূর্বাঞ্চল। সময়ের খবরের হয়ে বশির হোসেন ৪৪ বলে ৪১ ও মো. হেলাল
মোল্লা ১৫ বলে ১৬ রান করেন। পূর্বাঞ্চলের পক্ষে ওয়াহিদুজ্জামান পাখি ৪
ওভার বল করে ১৭ রানের বিনিময়ে ৩টি উইকেট ও প্রশান্ত বাছাড় ১৯ রানের
বিনিময়ে ২টি উইকেট পায়। ম্যান অব দি ম্যাচ পূর্বাঞ্চলের
ওয়াহিদুজ্জামান পাখি।খবরঃ বিজ্ঞপ্তির