খুলনায় ডেঙ্গু মশক নিধন অভিযানে কাজ শুরু করেছে অবদান কমিউনিটি কল্যাণ সংস্থা

খুলনায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘মশক নিধন অভিযান ২০২৬’ কার্যক্রম শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন অবদান কমিউনিটি কল্যাণ সংস্থা।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সারে ১০ টায় খুলনা নগরীর খালিশপুর জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং প্রাঙ্গণে মশক নিধন ও সচেতনতামূলক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অভিযানের আওতায় ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে মশার ওষুধ স্প্রে করার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে। সংস্থাটির পরিকল্পনা অনুযায়ী, প্রতিদিন খুলনার একটি করে শিক্ষা প্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালনা করা হবে।

কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহতামিম মোহাম্মদ উল্লাহ হাফেজ্জী, নায়েবে মুহতামিম আজমল শেখ, আব্দুর রউফ, সাব্বির আহমেদ, অবদান কমিউনিটি কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম, ওয়াকার আহমেদ, খালিদ ফারুকী সজীব, নজরুল ইসলাম ও জাফিফ।

ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত সচেতনতা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে জনসাধারণকে নিরাপদ রাখতে এ অভিযান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে অবদান কমিউনিটি কল্যাণ সংস্থা। খবরঃ বিজ্ঞপ্তির