যুব সমাবেশ, আলোচনা সভা, গাছের চারা বিতরণ, যুব ঋণের চেক বিতরণ ও বৃক্ষরোপণসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ খুলনায় জাতীয় যুব দিবস পালিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’।
এ উপলক্ষ্যে সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের খুলনা অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ইরুফা সুলতানা।
অতিথিরা বলেন, যুবকরাই টেকসই বাংলাদেশ বিনির্মাণের প্রধান চালিকাশক্তি। তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া দেশের কাক্সিক্ষত উন্নয়ন সম্ভব নয়। আগামী দিনে যুবসমাজই দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবে। এ জন্য যুবকদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। দক্ষ মানবসম্পদ তৈরি করা না গেলে দেশের প্রত্যাশিত উন্নয়ন অর্জন সম্ভব হবে না। একই সাথে বিদেশের শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। অতিথিরা আরও বলেন, যুবকদের মতামতকে গুরুত্ব দিয়ে অংশগ্রহণমূলক নীতি প্রণয়ন করতে হবে। চেষ্টা, অধ্যবসায় ও ইচ্ছাশক্তি থাকলে জীবনে সাফল্য অর্জন সম্ভব। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে ধৈর্য, সহনশীলতা ও বিনয়ী মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো: আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আনিসুজ্জামান। খুলনা জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে যুব উন্নয়নের কর্মকর্তাসহ বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১৬ জন যুব ও যুব মহিলার মাঝে ১৬ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
এছাড়া, দিবসটি উপলক্ষ্যে ২ নভেম্বর সকাল ১০টায় যুব ভবনের হলরুমে রক্তদান কর্মসূচি, ৩ নভেম্বর ১০টায় রচনা প্রতিযোগিতা, ৪ নভেম্বর যুবভবন চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি, ৫ নভেম্বর সকাল ১০টায় যুব ভবনের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, ৬ নভেম্বর সকাল ১০টায় বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ক্রীড়া অনুষ্ঠান এবং ৭ নভেম্বর সকাল ১০টায় যুব ভবন অডিটোরিয়ামে মাদক নিয়ন্ত্রণে যুব সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। খবরঃ বিজ্ঞপ্তির