খুলনায় জমজমাট আয়োজনে শেষ হলো সেইলর প্রেজেন্টস ‘লাল সবুজের বিজয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২৫’

মহান বিজয় দিবস উপলক্ষে খুলনায় জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল এই বছরের অন্যতম বড় মেগা ইভেন্ট সেইলর প্রেজেন্টস ‘লাল সবুজের বিজয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫’। নগরীর জেলা স্টেডিয়ামের জিমনেসিয়ামে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন খসরু ও পলক জুটি।
তিন দিনব্যাপী চলা এই টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন জনউদ্যোগ যুব সেলের আহবায়ক জয় বৈদ্য।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা। প্রধান অতিথি তাঁর বক্তব্যে যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তিনি এমন একটি সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের টাইটেল স্পন্সর সেইলর বিডি-এর খুলনা ইনচার্জ সৈয়দ রাসেদ, চ্যানেল আই-এর বিভাগীয় প্রতিনিধি ও ভয়েস অব টাইগারের পরিচালক সুনিল দাস, মোহনা টেলিভিশনের বিভাগীয় প্রতিনিধি শহিদুল হাসান, জনউদ্যোগ খুলনার সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন এবং ইভেন্টের ফুড পার্টনার ‘সেই-স্বাদ’-এর স্বত্বাধিকারী সালমান শিকদার।
সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া ফাইনাল ম্যাচে দর্শকদের বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে খেলা পরিচালিত হয়। খেলায় রানারআপ হওয়ার কৃতিত্ব দেখান রিফাত ও গালিব জুটি। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিবৃন্দ।
আয়োজকরা জানান, মহান বিজয় দিবসের চেতনাকে ধারণ করে এই টুর্নামেন্টের মাধ্যমে শিক্ষার্থী ও তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করাই ছিল মূল লক্ষ্য। ভবিষ্যতেও খুলনায় এ ধরনের বৃহৎ ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা। খবরঃ বিজ্ঞপ্তির