কুষ্টিয়ার মিরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে আওয়ামী লীগ নেতাকে গুলি

নিউজ ডেস্কঃ

কুষ্টিয়ার মিরপুরে শফিকুল ইসলাম আজম (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতা দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সদরপুর বাজারে এ ঘটনা ঘটে।

 

আহত শফিকুল ইসলাম আজম মিরপুর উপজেলার বিল আমলা এলাকার আবুল হোসেনের ছেলে।

তিনি মিরপুর উপজেলার আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পেশায় তামাক ব্যবসায়ী।

 

স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, শফিকুল সদরপুর বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। এ সময় কয়েকজন যুবক তাকে ডেকে দোকানের পাশে দাঁড়িয়ে কথা বলেন। কিছুক্ষণ পরেই শফিকুলকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় তারা।

পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দিয়ে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য শফিকুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, যে যুবকরা শফিকুলকে ডেকেছিল, তাদের সঙ্গে শফিকুলকে খুব ‘স্বাভাবিকভাবে’ কথা বলতে দেখা গেছে। দেখে মনে হয়েছে, তারা নিজেদের মধ্যে খুব পরিচিত।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক হোসেন ইমাম বলেন, “শফিকুলের ডান চোখ, বাম চোয়াল ও পেটের ওপরে গুলি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পেটে লাগা গুলি ভেতরের রক্তনালিকে আঘাত করেছে।

“এই কারণে অস্বাভাবিকভাবে রক্তক্ষরণ হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।”

সহকারী পুলিশ সুপার মাহমুদুল বলেন, “পুলিশ ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলি, ম্যাগজিন ও একটি মোটরসাইকেল জব্দ করেছে। ঘটনার তদন্ত চলছে। যারাই জড়িত থাক তাদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”