নিউজ ডেস্কঃ
বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় । এতে নারীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা একে অপরকে দায়ী করেছেন।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের হাটবাইর গ্রামে এ ঘটনা ঘটে ।
আহতরা হলেন- জামায়াত নেতা রবিউল হোসেন রকি, জাকারিয়া রাসেল, কাজী রাসেল ও রিফাত সানি এবং চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহসভাপতি সোলেমান চৌধুরী। তাৎক্ষণিকভাব বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা জামায়াতের নির্বাচনি জনসভায় শেষে বাড়ি ফিরছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, দুপুরে চৌদ্দগ্রাম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভায় বক্তব্য দেন দলটির আমির শফিকুর রহমান। সমাবেশ শেষে জামায়াতের নেতাকর্মীরা ফেরার পথে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সঙ্গে কথা-কাটাকাটি হয়।
এক পর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত সাতজন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।