কারামুক্ত হলেন বিএনপির ফখরুল-আব্বাস

নিউজ ডেস্কঃ
পুলিশের ওপর হামলা সংক্রান্ত পল্টন থানার মামলায় গ্রেফতারকৃত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কারামুক্তি পেয়েছেন।

আজ সোমবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে তারা ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হয়েছেন।

উল্লেখ্য, ফখরুল ও আব্বাসকে ৮ ডিসেম্বর গভীর রাতে তাদের নিজ নিজ বাসা থেকে আটক করে পুলিশ। ৭ ডিসেম্বর বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় করা একটি মামলায় পরদিন গ্রেপ্তার দেখানো হয়। মামলায় তাদের জামিন আবেদন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তিনবার নাকচ হয়। সর্বশেষ ২১ ডিসেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তাদের জামিন আবেদন নাকচ হয়। অনলাইন।

এ অবস্থায় মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের আইনজীবীরা হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। হাইকোর্ট তাদের জামিন দেন। কিন্তু ফখরুল ও আব্বাসকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে। আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে রোববার শুনানি হয়। এতে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখে আদেশ দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ।