এলপিজি ১২ কেজি দাম কমল ৬৫ টাকা

নিউজ ডেস্কঃ
নতুন বছরের শুরুতে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমেছে। জানুয়ারি মাসে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি কিনতে ১ হাজার ২৩২ টাকা লাগবে। এত দিন এর জন্য দিতে হতো ১ হাজার ২৯৭ টাকা। সে হিসাবে ১২ কেজি এলপিজির দাম কমল ৬৫ টাকা।

সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এলপি গ্যাসের নতুন এ দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আবদুল জলিল।

তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম পরিবর্তন হয়নি, তাই সেটি আগের মতো ৫৯১ টাকাই রয়েছে। অনলাইন।

বিইআরসি প্রতি কেজি এলপিজির খুচরা দাম ১০২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করেছে। সে অনুযায়ী ৫.৫ কেজি, ১২ কেজি, সাড়ে ১২ কেজি, ১৫, ১৬, ১৮ কেজি, ২০, ২৫, ৩০, ৩৫ কেজি এবং ৪৫ কেজি ওজনের সিলিন্ডারগুলোর দাম ঠিক করা হবে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য ঘোষণা করে আসছে বিইআরসি।

উল্লেখ্য, ২০২১ সালের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। তার পর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।