২৮ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে যশোর আনসার ব্যাটালিয়ন (২৯ বিএন) এর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ব্যাটালিয়ন প্রাঙ্গণে বেলুন ও ফেষ্টুন উড়ানো, কেক কাটা, আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং সদস্যদের অংশগ্রহণে এক প্রীতিমিলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয় ভার্চুয়াল এর মাধ্যমে যশোর আনসার ব্যাটালিয়ন এর প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশগ্রহণ করে সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
মহাপরিচালক মহোদয় বলেন, “এবারের এই ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীর শপথ হবে অপরাধমুক্ত স্বপ্নের একটি উন্নত বাংলাদেশ গড়া। যশোর আনসার ব্যাটালিয়ন প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে অনলাইন প্লাটফর্মের মাধ্যমে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। এটি একটি প্রতিষ্ঠাবার্ষিকী নয়, এটি দীর্ঘ ৩৮ বছরের নিষ্ঠা, শৃঙ্খলা, ত্যাগ, পেশাদারিত্ব ও সফলতার এক গৌরবোজ্বল মাইলফলক। এই ব্যাটালিয়নের সদস্যদের আইন শৃঙ্খলা রক্ষা, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা, জাতীয় নির্বাচন, দুর্যোগ মোকাবেলা, এবং জনসেবামূলক বিভিন্ন কর্মকান্ডে প্রশংসনীয় অবদান রেখে চলেছেন। আপনাদের এই নিষ্ঠা ও আন্তরিকতার জন্য আন্তরিক ধন্যবাদ। আমি আশা করি যশোর আনসার ব্যাটালিয়ন আগামী দিনগুলোতেও দেশের সেবায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং নতুন প্রজন্মের জন্য একটি অনুকরনীয় দৃষ্টান্ত স্থাপন করবে। আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে—শৃঙ্খলা, সততা, দায়িত্ববোধ এবং মানবিক মূল্যবোধই একজন আনসার সদস্যের প্রকৃত পরিচয়। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমে বাহিনীর মর্যাদা আরও বৃদ্ধি করতে হবে। বাহিনীর গৌরবোজ্জ্বল ঐতিহ্য, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রেখে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জাতীয় উন্নয়নে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্বপালন করতে হবে। “
অনুষ্ঠানে অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস, যশোর আনসার ব্যাটালিয়নের পরিচালক, মোঃ তরফদার আলমগীর হোসেন, খুলনা রেঞ্জের উপপরিচালক এএসএম আজিম উদ্দিন, উপপরিচালক যশোর ব্যাটালিয়ন মোঃ কামরুল ইসলাম এবং অনুষ্ঠানে বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্য এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস প্রতিষ্ঠাবার্ষিকীর বেলুন ও ফেষ্টুন উড়িয়ে এবং কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সদস্যদের মাঝে শুভেচ্ছা বিনিময় এবং প্রীতিভোজের আয়োজন করা হয়। খবরঃ বিজ্ঞপ্তির