ইমরান খানকে মুক্তির নির্দেশ দেশটির সুপ্রিম কোর্টের

আন্তর্জাতিক ডেস্কঃ
পাকিস্তানের সুপ্রিম কোর্ট সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যানর ইমরান খানের গ্রেপ্তারকে অবৈধ ঘোষণা করেছে । একইসঙ্গে অবিলম্বে তাকে মুক্তির নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার পিটিআই প্রধানের গ্রেপ্তার বেআইনি ঘোষণা করে আদালত এই নির্দেশ দেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন।

প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রীকে ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হতে বলা হয়েছে। পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বানদিয়াল ইমরানের গ্রেপ্তারের বিরুদ্ধে করা আবেদনের শুনানি শুরুর সময় এই নির্দেশ দেন।

এর আগে প্রধান বিচারপতি বানদিয়াল, বিচারপতি মোহাম্মদ আলী মাজহার ও আতহার মিনাল্লাহসহ তিন সদস্যের আপিল বেঞ্চ ইমরানকে আদালতে হাজির করতে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোকে (এনএবি) নির্দেশ দেন।

আদালত চত্বর থেকে কিভাবে একজনকে গ্রেপ্তার করা যায়?

আল-কাদরি ট্রাস্ট মামলায় ইমরান খানকে গ্রেপ্তারের বিরুদ্ধে করা আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি ওমর আতা বানদিয়াল প্রশ্ন করেন, আদালত চত্বর থেকে কিভাবে একজনকে গ্রেপ্তার করা যায়?

এ সময় ইমরান খানের আইনজীবীদের একজন হামিদ খান আদালতকে বলেন, তার মক্কেল ইসলামাবাদ হাইকোর্টে একটি মামলায় আগাম জামিন চাইতে এসেছিলেন। তাকে যখন গ্রেপ্তার করা হয়, তখন তার বায়োমেট্রিকের কাজ চলছিল। এ সময় আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের সদস্যরা ইমরান খানের সঙ্গে অশোভন আচরণ করে এবং তাকে গ্রেপ্তার করে।

প্রধান বিচারপতি বলেন, আদালতের নথিতে দেখা যাচ্ছে, এই মামলার শুনানির তারিখ ধার্য নেই। তখন পিটিআই চেয়ারম্যানের আইনজীবী বলেন, বায়োমেট্রিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আপিল করা যাচ্ছে না।

এ সময় প্রধান বিচারপতি বলেন, আদালতের একটি সম্মান আছে। অতীতের একটি ঘটনা উল্লেখ করে তিনি বলেন, সুপ্রিম কোর্টের পার্কিং থেকে একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছিল আর্থিক অপরাধ সংক্রান্ত ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। আদালত তখন গ্রেপ্তারের নির্দেশ প্রত্যাহার করেছিলেন। অনলাইন ।

প্রধান বিচারপতি বানদিয়াল বলেন, ন্যায়বিচারের জন্য সবার আদালতে আসার সুযোগ থাকতে হবে। যে কেউ যেন আদালতের দারস্থ হতে নিরাপদ বোধ করেন।