নিউজ ডেস্কঃ
আজকে আমরা রাজনৈতিকভাবে একটা অস্বাভাবিক অবস্থায় আছি। এখনও গণতন্ত্র উদ্ধার হয়নি। জনগণ ভোটের মাধ্যমে এখনও তাদের সংসদ এবং সরকার গঠন করতে পারেনি।
আজ বৃহস্পতিবার (১ মে) বিকেলে নয়াপল্টনে মে দিবস উপলক্ষ্যে আয়োজিত শ্রমিক সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, গণমাধ্যমের স্বাধীনতা শহীদ জিয়াউর রহমান নিয়ে এসেছিলেন। আজকে অনেক মিডিয়া এখানে দাঁড়িয়ে আছে, জিয়াউর রহমান সংস্কার করে মিডিয়ার স্বাধীনতা দিয়েছিলেন।
মির্জা ফখরুল বলেন, সংস্কারের কথা চিন্তা করে আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা দিয়েছিলেন। আজকে সমাবেশ থেকে দাবি করছি, অবিলম্বে যেসব সংস্কারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে তা সামনে নিয়ে আসেন এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। যেগুলো একমত হয়নি তা আগামী সংসদে আলোচনা করে বাস্তবায়ন করা যাবে। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, রাজনৈতিক দল এবং জনগণকে অবহেলা করে এমন কোনো চুক্তি করবেন না, যা বাংলাদেশের স্বার্থের বিপক্ষে যায়।