নিউজ ডেস্কঃ
আওয়ামী লীগ তাদের দল পুনর্গঠন করতে পারেন। তবে বিশৃঙ্খলা করলে কঠোর পরিণতি হবে।
আজ (১২ আগস্ট) সোমবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেন এসব কথা বলেন।
আওয়ামী লীগের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জীবন বিপন্ন করার মতো কিছু করবেন না। এদেশের মানুষ এখনো আপনাদের গ্রহণ করতে আসেনি। পার্টিকে পুনঃসংগঠিত করেন, রাজনৈতিক দলের মত। নির্বাচন এলে প্রতিদ্বন্দ্বিতা করবেন, জনগণ চাইলে ভোটে যাবেন।
তিনি অনুরোধ করে বলেন, ব্যক্তিগত স্বার্থের প্ররোচনায় এই দলকে নষ্ট করবেন না। এটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, নষ্ট করার কোনো অধিকার আপনাদের নাই। এটা বাংলাদেশের সম্পত্তি। আর কেউ যদি মনে করেন যে, কাউন্টার রেভ্যুলেশন করে আসবেন, তাহলে হাজার হাজার লোকের রক্ত ঝরাতে হবে। যদি সেই দায়িত্ব নিতে চান, তাহলে নেন। আমার কিছু করণীয় নাই।
এম সাখাওয়াত হোসেন বলেন, সিভিলিয়ানদের হাতে নিষিদ্ধ অস্ত্র যাওয়ার কথা না, সেটার অথরাইজ পুলিশ, র্যাবকে করা হয়েছিল। সেই অস্ত্র কীভাবে এদের হাতে গেল।
তিনি বলেন, যেসব সিভিলিয়ানদের হাতে অবৈধ অস্ত্র আছে তা আগামী সাত দিনের মধ্যে থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে দুইটা চার্জ লাগবে, একটা অবৈধ অস্ত্র, আরেকটা সরকারি নিষিদ্ধ অস্ত্র আপনাদের হাতে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে অস্ত্র আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহারের কথা তা জনসাধারণের হাতে কীভাবে গেল। আমি একটা ভিডিও দেখলাম একজন সিভিলিয়ান আনসারকে মেরে রাইফেল নিয়ে গেল, এই রাইফেল আর ফেরত আসেনি।