নিউজ ডেস্কঃ
এখন থেকে সঞ্চয়পত্রে পাঁচ লাখ টাকার বেশি বিনিয়োগ করতে হলে সর্বশেষ বছরের আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হবে। একই সঙ্গে ডাকঘর সঞ্চয় ব্যাংকে অ্যাকাউন্ট খুলতেও রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে।
আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করে দেশে কার্যরত সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে সঞ্চয়পত্র ও ডাকঘর সঞ্চয় ব্যাংক হিসাবে ৫ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে অর্থ আইন, ২০২২ এর ৪৮ ধারা যথাযথ পরিপালনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনামতে, পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়পত্রে বিনিয়োগ অথবা ডাকঘর সঞ্চয় হিসাব (অ্যাকাউন্ট) খুলতে তার সর্বশেষ বছরের আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হবে। আবার ব্যাংক হিসাবে ক্রেডিট ব্যালেন্স ১০ লাখ টাকা অতিক্রম করলে রিটার্ন জমার প্রমাণপত্র দিতে হবে ব্যাংকে।