নিউজ ডেস্কঃ
তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত উদ্ধার কাজের জন্য ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১২ সদস্যের উদ্ধারকারী দল দেশটিতে পৌঁছেছে।
আজ শুক্রবার সকালে ফায়ার সার্ভিস সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সেনাবাহিনীর উদ্ধারকারী দলের সঙ্গে ২৪ ঘণ্টার বিমান জার্নি শেষে আদানা বিমানবন্দরে পৌঁছায় তারা। সেখান থেকে তারা ৩৫০ কিলোমিটার দূরে আদিয়ামান স্থানে বাসে করে রওনা হয়েছেন।
ফায়ার সার্ভিস জানায়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে উদ্ধারকারী দলের সদস্য হিসেবে যারা রয়েছেন তারা ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ অ্যাডভাইজারি গ্রুপ (INSARAG)-এর স্ট্যান্ডার্ড অনুযায়ী বিধ্বস্ত ভবনে অনুসন্ধান ও উদ্ধারকাজ পরিচালনা বিষয়ে আন্তর্জাতিকমানের প্রশিক্ষণপ্রাপ্ত।
এর আগে গত বুধবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন ফায়ার সার্ভিস সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে জানান, ফায়ার সার্ভিসের ৫ কর্মকর্তাসহ ১২ সদস্যের বিশেষজ্ঞ দল তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।
তিনি জানান, টিমের সব সদস্য ভূমিকম্পে উদ্ধার অভিযান বিষয়ে প্রশিক্ষিত। তারা নিজেদের সঙ্গে কিছু হালকা সরঞ্জাম নিয়ে যাবেন। তথ্যঃ অনলাইন।
এদিকে, তুরস্ক-সিরিয়ার সীমান্ত অঞ্চলে বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। ধ্বংসস্তূপে চাপা পড়া লোকজনকে উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা।