নিউজ ডেস্কঃ
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সর্বোচ্চ আদালত অবৈধ ঘোষণা করা হয়েছে। তাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর ফিরে আসার সুযোগ নেই। সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে।
আজ শনিবার দুপুরে আইন ও বিচার বিভাগ ইনস্টিটিউটে বিচারবিভাগীয় কর্মকর্তাদের আয়োজিত দশম ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
আইনমন্ত্রী বলেন, যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের স্থায়ীত্বকালেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশনকে যেসব সহযোগিতা লাগে এবং যেসব সরকারি বিভাগগুলো তাদের আওতায় থাকে সেইগুলো নির্বাচন কমিশনের নির্দেশনায় চলবে। আর সরকার ডে টু ডে রুটিনে কাজ করবে। সেই আদলেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
ব্রাহ্মণবাড়িয়ার ঘটনার বিষয়ে আনিসুল হক বলেন, আপনারা (গণমাধ্যম) বলছেন বার বার ঘটছে। আমি বলবো, এখন যেমন বিষয়টি মিডিয়ার নজরে আসছে, আগে কিন্তু এমনটি ছিল না। এ রকম ঘটনা বারে (আইনজীবী সমিতি) ঘটেই থাকে। অনলাইন।
আদালত বর্জনের ফলে দুই বিচারক সেখানে থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিচার বিভাগ স্বাধীন, প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের জিএ কমিটি বিজ্ঞ বিচারকদের বদলি করেন। এখন এটা তাদের এখতিয়ারধীন। আমি সেখানে কোনও কথা বলবো না।