নিউজ ডেস্কঃ
দুই দশক পর আগামী ২৪ জানুয়ারি মঙ্গলবার খুলনা মহানগর ও জেলা যুবলীগের একত্রে ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নগরীর শিববাড়ী মৌড়স্থ পাবলিক হল চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে সফল করতে সংশ্লিষ্ট প্রস্তুতি কমিটি রাত দিন কাজ করে যাচ্ছেন।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, ২০০৩ সালের ২৫ মে খুলনা জেলা ও মহানগর যুবলীগের সর্বশেষ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
ধারণা করা হচ্ছে,
আগামী ২৪ জানুয়ারীর সম্মেলন হবে স্মরণ কালের সববৃহৎ সম্মেলন।
সম্মেলনের সকল প্রস্তুতি ইতোমধ্যেই শেষ হয়েছে। উক্ত পাবলিক হল চত্বরে বৃহৎ প্যান্ডেল তৈরী করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি, যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল এবং শেখ জালাল উদ্দিন রুবেল সম্মেলনের সকল বিষয়ে খোঁজ খবর রাখছেন। তারা সার্বক্ষণিকভাবে তদারকিও করছেন।
২৪ জানুয়ারি খুলনায় যুবলীগের সম্মেলনে সভাপতিত্ব করবেন খুলনা জেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান জামাল।
সম্মেলনে প্রধান অতিথি থাকবেন জাতির পিতা বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, যুবললীগের কেন্দ্রীয় সভাপতি ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মঈনুল হাসান নিখিল, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ এবং মহানগর ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত থাকবেন।