জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় খুলনা
মহানগরীর উন্নয়নে ৪’শ ৯১ কোটি ২৮ লক্ষ ৬১ হাজার টাকার একটি প্রকল্পের
অনুমোদন দেয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এবং জাতীয় অর্থনৈতিক
পরিষদের নির্বাহী কমিটির চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার
সকালে অনুষ্ঠিত সভায় ‘‘জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায়
খুলনা শহর এলাকার উন্নয়ন (ফেজ-২)’’ শীর্ষক এ প্রকল্পের অনুমোদন দেয়া
হয়। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সভায় উপস্থিত ছিলেন।
প্রকল্প ব্যয়ের ৩৬% শতাংশ (১’শ ৭৮ কোটি ৪৬ হাজার টাকা) সরকার
(জিওবি), ৬৩% শতাংশ (৩’শ ১২ কোটি ২৮ লক্ষ ১৫ হাজার টাকা) জার্মান
ডেভেলপমেন্ট ব্যাংক (কেএফডব্লিউ) এবং ১ কোটি টাকা কেসিসি’র
নিজস্ব তহবিল হতে ব্যয় করা হবে। প্রকল্প বাস্তবায়নকাল নির্ধারণ করা
হয়েছে জানুয়ারি ২০২৩ থেকে ডিসেম্বর ২০২৭ পর্যন্ত। উল্লেখ্য, জনসংখ্যা
বৃদ্ধি, দ্রুত নগরায়ন এবং শহরমুখী ক্রমবর্ধমান জলবায়ু উদ্বাস্তুদের নাগরিক
সেবা প্রদান, সর্বোপরী জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিকর প্রভাব
মোকাবেলার লক্ষ্য নিয়ে প্রকল্পটির প্রস্তাব করা হয়।
নগরবাসীর প্রত্যাশা পূরণে প্রকল্পটির অনুমোদন দেয়ায় সিটি মেয়র
মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি
কৃতজ্ঞতা জানিয়ে বলেন, খুলনাসহ দক্ষিণ-পশ্চিামাঞ্চলের উন্নয়নে মাননীয়
প্রধানমন্ত্রী সব সময় আন্তরিক। ইতোপূর্বেও তিনি খুলনা মহানগরীর
উন্নয়নে ৩’টি প্রকল্পের অনুকূলে প্রায় ১ হাজার ৯শ কোটি টাকা বরাদ্দ
দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর এ মহানুভবতা খুলনাবাসী চিরকাল শ্রদ্ধার
সাথে স্মরণ করবে বলে তিনি উল্লেখ করেন।
প্রকল্পের আওতায় নগরীর সোনাডাঙ্গা বাইপাস রোড ও ড্রেন উন্নয়ন,
নবীনগর সাব-ক্যাচমেট ড্রেন উন্নয়ন, নিরালা খাল, বাস্তুহারা খাল ও দেয়ানা
চৌধুরী খাল উন্নয়ন এবং বাস্তুহারা খালের সাথে সংযুক্ত ড্রেনসমূহের
উন্নয়ন, রূপসা রিভার ফ্রন্ট পার্ক নির্মাণ, মহানগরীর ২৩টি পুকুর
উন্নয়ন, দৌলতপুর ও মহেশ্বরপাশায় শহর রক্ষা বাঁধ নির্মাণ, মহেশ্বরপাশা
শ্মশানঘাট উন্নয়ন, আলুতলা আউটলেট উন্নয়ন, লবনচরায় পাম্পিং স্টেশন ও আউটলেট গেট নির্মাণসহ প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ করা হবে। খবরঃ বিজ্ঞপ্তির