নিউজ ডেস্কঃ
ভোটার তালিকার হালনাগাদকৃত খসড়া প্রকাশ করা হয়েছে। ভোটার তালিকার সাম্প্রতিক হালনাগাদ শেষে দেশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার ১৫৮ জনে। হালনাগাদের পূর্বে দেশে ভোটার সংখ্যা ছিল ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন। ফলে ভোটার বেড়েছে ৭৯ লাখ ৮৩ হাজার ২৭৭ জন।
গত বছরের ২০ মে থেকে গত ২০ নভেম্বর পর্যন্ত চার ধাপে বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের তথ্য সংগ্রহ ও নিবন্ধনের কাজ সম্পন্ন করে ইসি। এবারও গতবারের মতো তিন বছরের তথ্য একসঙ্গে নেয়া হয়। এ ক্ষেত্রে ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে যারা জন্মগ্রহণ করেছেন তাদের তথ্য সংগ্রহ করেছে ইসি।
নিবন্ধন সম্পন্নকারীদের মধ্যে যাদের বয়স যখন ১৮ বছর হবে, তখন তারা স্বয়ংক্রিভাবে ভোটার তালিকায় যুক্ত হবেন।
রোববার (১৫ জানুয়ারি) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের ভোটার তালিকার বিষয়ে তথ্য জানান।
খসড়া তালিকা প্রসঙ্গে তিনি বলেন, হালনাগাদের পূর্বে দেশে ভোটার সংখ্যা ছিল ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন। হালনাগাদ কার্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছেন ৭৯ লাখ ৮৩ হাজার ২৭৭ জন।
ইসি সচিব বলেন, হালনাগাদে মৃত ভোটার কর্তন হয়েছে ২২ লাখ ৯ হাজার ১২৯ জন। মৃত ভোটার কর্তনের পর দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার ১৫৮ জন। এদের মধ্যে পুরুষ ৬ কোটি ৩ লাখ ৮৩ হাজার ১১২ জন। নারী ভোটার ৫ কোটি ৮৬ লাখ ৭৭ হাজার ২০৯ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৩৭ জন। তথ্যঃ অনলাইন।
ইসির নির্দেশনা অনুযায়ী, হালনাগাদের খসড়া তালিকা বিভিন্ন জনবহুল স্থানে প্রকাশ্যে টানিয়ে দেয়া হবে। কারো কোনো ভুল থাকলে আবেদন সংশোধনের সুযোগ পাবেন। এক্ষেত্রে দাবি, আপত্তি বা সংশোধনের আবেদন করার শেষ সময় ৩১ জানুয়ারি। অর্থাৎ এজন্য ১৬ দিন সময় পাওয়া যাবে। সংশোধনকারী কর্তৃপক্ষ সেই আবেদন নিষ্পত্তি করবে ৭ ফেব্রুয়ারির মধ্যে। আবেদন নিষ্পত্তির পর হালনাগাদকৃত চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী ২ মার্চ।