নেপালের পোখারায় ৭২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত।। ১৬ জনের মরদেহ উদ্ধার

বিদেশ ডেস্কঃ
নেপালে ৭২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ রোববার সকালে নেপালের পোখারার কাসকি জেলায় ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, নেপালের বেসরকারি বিমান পরিচালনাকারী সংস্থা ইয়েতি এয়ারলাইনসের এটিআর-৭২ মডেলের বিমানটি রাজধানী কাঠমান্ডু থেকে পোখারায় যাচ্ছিল। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রোববার সকাল ১০ টা ৩৩ মিনিটে বিমানটি কাঠমান্ডু থেকে উড্ডয়ন করেছিল।

নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েতি এয়ারলাইনসের মুখপাত্র সুদর্শন বারতাউলা বলেছেন, ’৬৮ যাত্রী এবং ৪ ক্রু নিয়ে পোখারার পুরাতন বিমানবন্দর এবং নতুন পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যবর্তী স্থানে বিমানটি বিধ্বস্ত হয়। এটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়।’ অনলাইন

কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে প্রাথমিকভাবে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। ইয়েতি এয়ারলাইনস বা নেপাল সরকারের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য জানানো হয়নি। ‍দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। আরোহীদের কেউ বেঁচে আছে কিনা জানা যায়নি।