কেসিসি মেয়রের নগরীতে মশক নিধন কার্যক্রম আরো জোরদারের নির্দেশ

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীতে মশক নিধন কার্যক্রম আরো জোরদার করার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে কঞ্জারভেন্সী বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে অনুষ্ঠিত সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় সিটি মেয়র আরো বলেন, মহানগরী এলাকাকে মশক মুক্ত রাখতে দৈনন্দিন বর্জ্য অপসারণ করাসহ চলমান পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখতে হবে। নগরজুড়ে চলমান ড্রেন ও সড়ক উন্নয়ন কাজের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, কাজ চলাকালিণ জলাবদ্ধতার সৃষ্টি হয়ে মশার উপদ্রব যাতে না বাড়ে সেদিকেও লক্ষ্য রাখার জন্য তিনি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল হওয়ারও নির্দেশ দেন। একই সাথে তিনি মশক নিধন ঔষধ মজুদ রাখার ওপর গুরুত্বারোপ করেন।

কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আব্দুল আজিজ, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, সহকারী কঞ্জারভেন্সী অফিসার মোঃ আব্দুর রকিব, নুরুন্নাহার এ্যানী, মোল্লা মারুফ রশীদ, মোঃ জিয়াউর রহমানসহ ওয়ার্ড সুপারভাইজারগণ সভায় উপস্থিত ছিলেন।খবরঃ বিজ্ঞপ্তির