নিউজ ডেস্কঃ
আজ ২৩ নভেম্বর বুধবার থেকে শুরু হচ্ছে দু’দিন ব্যাপি আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সন্মেলন ২০২২।
নারী উদ্যোক্তাদের উন্নয়ন ও বিকশিত করার লক্ষ্যে এবং নারী উদ্যোক্তাদের এগিয়ে নেওয়ার জন্য ঢাকার রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে বাংলাদেশ ইন্ডিয়া বিজনেস কাউন্সিল-এর উদ্যোগে, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও অ্যাসোসিয়েশন অব ফ্যাশন ডিজাইনার্স অব বাংলাদেশ (এএফডিবি) এর সার্বিক সহযোগিতায় বাংলাদেশে প্রথম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে এ উদ্যোক্তা সম্মেলন।
বুধবার ২৩ নভেম্বর সকাল ১০টায় হোটেল রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন এর হল রুমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। তিনি সন্মেলন উদ্বোধন ঘোষণা করবেন।
এছাড়াও উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি, মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনাব ড. আহমদ কায়কাউস, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’র নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, এফবিসিসিআই-এর সভাপতি মো. জসিম উদ্দিন, উইমেনস ইন্ডিয়ান চেম্বার অফ কর্মাসের সভাপতি ড. হারবীন অরোরা রাই বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান কীনোট স্পীকার হিসাবে অংশগ্রহণ করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ইন্ডিয়া বিজনেস কাউন্সিল (বিআইবিসি) সভাপতি মিসেস মানতাশা আহমেদ সভাপতিত্ব করবেন। অনলাইন।
দুইদিন ব্যাপী এ সম্মেলনে বিশ্বের ৫০টি দেশের ব্যবসায়ী নেতা, নীতিনির্ধারক, কর্পোরেট আইকন এবং নারী উদ্যোক্তাসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ, বিনিয়োগ সহযোগী সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাবৃন্দ, দেশী বিদেশী ব্যবসায়িক চেম্বার এবং অ্যাসোসিয়েশন এবং সহযোগী উন্নয়ন সংস্থার অংশীদারগণ অংশগ্রহণ করবেন। সম্মেলনে বাংলাদেশের নারীর উদ্যোক্তাদের জন্য সম্ভাবনাময় আটটি সেক্টর তুলে ধরার জন্য প্যারালাল সেশনের আয়োজন করা হয়েছে। প্রতিটি সেশনেই দেশি বিদেশী শীর্ষ ব্যবসায়ী নেতা, নীতিনির্ধারক, কর্পোরেট আইকন এবং সফল নারী উদ্যোক্তাগণ গ্রহণ করবেন, ইতোমধ্য ৬ টি দেশের ৬ জন উদ্যোক্তা “আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সন্মেলন ২০২২”-এ অংশগ্রহণ করার জন্য চীন, জাপান, ভারত, গ্রিস, মালইশিয়া, এবং মালদ্বীপ এর প্রতিনিধি হিসেবে বাংলাদেশে এসেছেন।