গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ, গ্রাহকদের ভোগান্তি

নিউজ ডেস্কঃ

গোপালগঞ্জে মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ, নগদ ও রকেটের অনেক গ্রাহক লেনদেন করতে পারছেন না। টাকা পাঠানো, গ্রহণ কিংবা ক্যাশ আউট—সব ধরনের সেবা ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়ছেন তারা। এ অবস্থায় অপরেটরের পক্ষ থেকে গ্রাহকদের মোবাইল ফোনে হিসাব সাময়িকভাবে বন্ধ রাখার বার্তা পাঠানো হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীরা।

 

তথ্য অনুযায়ী, অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে ৯৭টি হিসাব বন্ধ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে এই হিসাবগুলোর বাইরেও আরও অনেক হিসাব সাময়িকভাবে বন্ধ বা ব্লক করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। ফলে এ জেলায় মোবাইল ব্যাংকিংয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

 

নিরাপত্তা ঝুঁকির কারণে এমএফএস প্রতিষ্ঠানগুলোর কর্মীরাও এজেন্টদের কাছে টাকা পাঠাতে পারছেন না। এতে এজেন্টদের মধ্যে নগদ অর্থের সংকট তৈরি হয়েছে। গ্রাহকরা টাকা জমা ও উত্তোলন করতে গিয়ে সমস্যায় পড়ছেন। বিশেষ করে দৈনন্দিন কেনাকাটা, ব্যবসা-বাণিজ্য ও আর্থিক লেনদেনের জন্য মোবাইল ব্যাংকিংয়ের ওপর নির্ভরশীল ব্যক্তিদের ভোগান্তি বেড়েছে।

 

এদিকে বিকাশের পক্ষ থেকে গ্রাহকদের পাঠানো বার্তায় বলা হচ্ছে, ‘এমএফএস বিধিমালা অনুযায়ী আপনার বিকাশ অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই মুহূর্তে এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না বলে দুঃখিত।’

এ ধরনের বার্তা পাওয়ার পর গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।