খুলনায় মাদকমুক্ত সমাজ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত

পরিবেশ ও প্রকৃতিরক্ষাসহ মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা আজ (বৃহস্পতিবার) খুলনা দৌলতপুর (দিবা-নৈশ) কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। পরিবেশ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়, দৌলতপুর (দিবা-নৈশ) কলেজ ও আফিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আজকের তরুণরাই আগামীতে সমাজ ও দেশ গঠনে নেতৃত্ব দেবে। তরুণ বয়সই জীবনের সঠিক পথ চিনে নেওয়ার উপযুক্ত সময়। বয়সে যারা বড় তাদের স্বাভাবিক দায়িত্বই হলো ছোটদের প্রতি নজর রাখা। শিক্ষার্থীদের জীবনে ভালো ফলের গুরুত্বের চেয়ে ভালো মানুষ হওয়ার গুরুত্ব বেশি। তিনি বলেন, মাদকের কারণে সমাজে বিভিন্ন অপরাধের বিস্তার ঘটে। মাদক গ্রহণ ব্যক্তির স্বাভাবিক চিন্তার সক্ষমতা ও পারিবারিক জীবনকে ধ্বংস করে। তাই তরুণদের মাদক থেকে দূরে থাকতে হবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার সাথে সামাজিক আন্দোলনও জরুরি। তিনি আরও বলেন, পরিবেশকে দূষণমুক্ত রাখতে চারপাশ পরিচ্ছন্ন রাখা ও গৃহস্থলীর বর্জ্য সঠিক নিয়মে অপসারণ করতে হবে। একই সাথে পরিবেশ দূষিত হয় এমন কোন কাজ করা যাবে না। অনুরূপভাবে তরুণ বয়সে ডিজিটাল আসক্তি পরিহার করে সংযত জীবনে অভ্যস্ত হলে তরুণদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে বলে আশা করা যায়।

দৌলতপুর (দিবা-নৈশ) কলেজের উপাধ্যক্ষ মোঃ সদরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পরিবেশ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হারুন-অর-রশীদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোরাদুল ইসলাম ও সমাজসেবক শেখ অলিয়ার রহমান। এসময় দৌলতপুর (দিবা-নৈশ) কলেজের সহকারী অধ্যাপক মোল্যা মিজানুর রহমান, তাবিন্দা নাজ, কে এম ইমদাদ সাঈদী প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজক কমিটির আহবায়ক অ্যাডভোকেট শেখ অলিউল ইসলাম। আফিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় ও দৌলতপুর (দিবা-নৈশ) কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন। খবরঃ বিজ্ঞপ্তির