২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ উদযাপন উপলক্ষ্যে পথসভা আজ (বৃহস্পতিবার) সকালে খুলনা কালেক্টরেট চত্বরে অনুষ্ঠিত হয়। খুলনা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
পথসভায় প্রধান অতিথি খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, নারী নির্যাতন প্রতিরোধে নিজে সচেতন হতে হবে এবং অন্যদের সচেতন করতে হবে। ভুক্তভোগী নারীদের ন্যায় বিচার নিশ্চিতে তাদের পাশে দাঁড়াতে হবে। তিনি আরও বলেন, সমাজে এক ধরণের ট্যাবু রয়েছে, নারীদের একঘরে করে রাখার। সমাজে নারীদের খাটো করে দেখার সুযোগ নেই। প্রশাসন সবসময় নারীদের পাশে রয়েছে। তিনি বলেন, বেগম রোকেয়া নারী উন্নয়নের যে যাত্রা শুরু করেছেন তাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। সমাজে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে। নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসা রোধ করে তাদের সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কানিজ ফাতেমা লিজা, মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুরাইয়া সিদ্দীকা, বিভিন্ন নারী সহযোগী সংগঠনের নারী নেত্রীসহ প্রতিনিধিরা অংশ নেন। পথসভায় বাংলাদেশ মহিলা পরিষদ, বেসরকারি উন্নয়ন সংস্থা মাসাস, তেজসী নারী উন্নয়ন সংস্থা, অভিযাত্রী, আঞ্জুমান সামাজকল্যাণ সংস্থাসহ ২৫টি নারী সহযোগী সংগঠন অংশ নেন।খবরঃ বিজ্ঞপ্তির