নিউজ ডেস্কঃ
সংসদে আইন প্রণয়নের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগকে বিলুপ্ত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আবেদনে দলটিসহ তাদের অঙ্গসংগঠনকে নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার দাবি করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সাতজন ‘জুলাই যোদ্ধার’ পক্ষে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এ এস এম শাহরিয়ার কবির রিটটি দায়ের করেন। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত ও বর্তমানে শরীরে গুলি বয়ে বেড়ানো ‘জুলাই যোদ্ধা’ (হেলথ কার্ডধারী) এম এস মোস্তাফিজুর রহমান, হাবিব, মো. হামিদুল সরকার, মো. জামাল, মো. নূর আলম, মো. রবিউল করিম, মো. নাসিম মিয়া ও মো. মনির হোসেনসহ জনস্বার্থে ও সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে সংবিধানের ১০২(২) অনুচ্ছেদের অধীনে রিটটি করেন।
রিট আবেদনে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির পক্ষে প্রকাশিত সকল পোস্ট, পেজ, অ্যাকাউন্ট, চ্যানেল ও অন্যান্য কনটেন্ট এবং সহিংসতা উসকে দেওয়া যেকোনো কনটেন্ট অপসারণ বা ব্লক করার নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটে বিবাদী করা হয়েছে, স্বরাষ্ট্রসচিব, পররাষ্ট্রসচিব, আইনসচিব, মন্ত্রিপরিষদসচিব, ডাক ও টেলিযোগাযোগসচিব, বিটিআরসির চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিএফআইইউ প্রধান এবং তথ্যসচিবকে।
আবেদনে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন, বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, তাঁতী লীগ ও মৎস্যজীবী লীগ এবং যে নামেই অভিহিত হোক না কেন এর সাথে সম্পৃক্ত অন্য প্রতিটি সংগঠন অন্তর্ভুক্ত, সংসদের একটি আইন বা অধ্যাদেশের মাধ্যমে সরাসরি নিষিদ্ধ ও রাজনৈতিক দল হিসেবে বিলুপ্ত করা হবে না এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা ও তালিকাভুক্ত করা হবে না এ মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।
রিট আবেদনে টেলিভিশন টকশো ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আওয়ামী লীগের পক্ষে সাফাই গাইছেন, ২০২৪ সালের হত্যাকাণ্ড অস্বীকার বা ন্যায্যতা দিচ্ছেন এবং ‘জুলাই যোদ্ধাদের’ ‘জুলাই জঙ্গি’ হিসেবে আখ্যায়িত করছেন, সেসব ব্যক্তি ও সম্প্রচারকারী চ্যানেলের বিরুদ্ধে পেনাল কোডের কয়েকটি ধারা এবং সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নিয়ে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে স্বরাষ্ট্র, তথ্য ও সম্প্রচার, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং বিটিআরসিকে নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে।
একই সঙ্গে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দলটির সব পোস্ট, পেজ, অ্যাকাউন্ট ও চ্যানেল অপসারণ বা ব্লক করার পাশাপাশি সশস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন ও মদদদাতাদের বিরুদ্ধে আইন অনুযায়ী রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের নির্দেশনা চাওয়া হয়। -কালান্তর ।