নিউজ ডেস্কঃ
খুলনায় কেএমপি,এসআরবি, বিজিবি,আনসার এর সমন্বয়ে যৌথ বাহিনী
সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে। আজ সোমবার সকাল থেকে মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ টহল ও অভিযান শুরু হয়েছে।
যৌথ বাহিনীর অভিযান নিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার সাজ্জাদুর রহমান গণমাধ্যম বলেন, কয়েক দিন ধরেই পুলিশের আলাদা টহল চলছিল। তবে আজ সকাল থেকে সন্ত্রাস দমনে এসআরবি, বিজিবি, আনসার ও মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর বিশেষ টহল শুরু হয়েছে। বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর সদস্যরা একসঙ্গে অভিযান ও টহল দিচ্ছেন।
গতরাতে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এতে ভবনের সামনের সিঁড়ির সামান্য ক্ষতি হয়।
কেএমপি কমিশনার আরও জানান, নগর ভবনে পেট্রলবোমা হামলার ঘটনার পর গুরুত্বপূর্ণ সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নজরদারি ও টহল বাড়ানো হয়েছে।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, নগরীর গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা ও স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ নজর রাখা হচ্ছে। বিশেষ করে রাতের বেলার নিরাপত্তায় বাড়তি জোর দেওয়া হয়েছে।
এদিকে খুলনা জেলা পুলিশের পক্ষ থেকেও বিশেষ নিরাপত্তা কার্যক্রম চালানো হচ্ছে। জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক গণমাধ্যমকে জানান, মাদক, অনলাইন জুয়া এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে জেলার নয়টি থানার গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশিচৌকি (চেকপোস্ট) বসানো হয়েছে।
অভিযান চলাকালে যানবাহনের কাগজপত্র যাচাই, অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হচ্ছে। এসব অভিযানে ইতিমধ্যে মাদক ও অনলাইন জুয়ায় জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।